দক্ষিণ ভারতের ৪০০ পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহনের উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের একটি মানবিক উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। আগামী এক বছর ধরে এ কার্যক্রম চালিয়ে যেতে চান অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এ উদ্যোগের কথা জানান রাশমিকা। তিনি জানান, একেকবারে তিন মাসের জন্য ৪০০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহন করবেন। এতে পরিবারগুলো মুদি পণ্যের পেছনে খরচ হওয়া অর্থ সঞ্চয় করতে পারবে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে সুবিধা হবে বলে আশা তার।
উদ্যোগটির সঙ্গে নিজের অভিনীত নতুন সিনেমা ‘রানাবালি’র চরিত্র জয়াম্মার প্রসঙ্গও টেনেছেন রাশমিকা। তার ভাষ্য, অভিনীত চরিত্রগুলো অনেক সময় শিল্পীর ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে। জয়াম্মার সঙ্গে তার ব্যক্তিত্বের মিল আছে কি না, এমন প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, এ ধরনের মানবিক কাজ তাঁর স্বভাবেরই অংশ।
অভিনেত্রী জানান, এত দিন তিনি এসব কাজ প্রকাশ্যে আনেননি। নিজের টিম ও কাছের কয়েকজনের মধ্যে বিষয়গুলো সীমাবদ্ধ রেখেছিলেন। তবে এখন তিনি মনে করছেন, তার উদ্যোগ অন্যদেরও ভালো কাজে অনুপ্রাণিত করতে পারে। সেই ভাবনা থেকেই বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা