নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বন্ধুত্ব, তারুণ্যের উচ্ছ্বাস আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে ‘চিরকুট’-এর গল্পের সূত্রপাত। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ, বন্ধুত্ব ও প্রেমের স্মৃতিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা মুনতাসির আকিব।
ফিল্ম ম্যানিয়া প্রযোজিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মুনতাসির আকিব। নির্মাতার প্রত্যাশা, পর্দায় গল্পটি দেখতে গিয়ে দর্শক শুধু একটি ঘটনা সম্পর্কে জানবেন না, বরং নব্বইয়ের দশকের একটি সময়কেও অনুভব করতে পারবেন।
‘চিরকুট’-এর অন্যতম আকর্ষণ এর বড় অভিনয়শিল্পী দল। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা