টালিউডের ইতিহাসে অন্যতম বড় চমক নিয়ে প্রেক্ষাগৃহে আসছে সুপারস্টার দেবের সুবর্ণজয়ন্তী বা ৫০তম চলচ্চিত্র ‘দেশু ৭’। এটি কেবল অভিনেতা হিসেবেই দেবের জন্য মাইলফলক নয়, বরং এই প্যান-ইন্ডিয়া ঘরানার হাই-বাজেট অ্যাকশন-রোমান্টিক থ্রিলার সিনেমাটির মাধ্যমেই পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটছে তার। টালিউডের এযাবৎকালের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটি ঘিরে গত কয়েক মাস ধরে টালিপাড়ায় ঘটেছে একের পর এক নাটকীয় ঘটনা।
চলচ্চিত্রটির প্রাথমিক ঘোষণা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এর পর্দার পেছনের নানা অজানা অধ্যায়, শুটিংয়ের অভিজ্ঞতা এবং মুক্তির আগের প্রস্তুতি নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ প্রতিবেদন।
বছরের শুরুতেই সিনেমাটির নাম গোপন রেখে অগ্রিম বুকিং শুরু করে এক নজিরবিহীন বিপণন কৌশল দেখায় প্রযোজনা সংস্থা। ছবিটির নাম ‘দেশু ৭’ রাখার পেছনে রয়েছে এক বিশেষ সমীকরণ—দেব এবং শুভশ্রীর অন-স্ক্রিন জুটির এটি সপ্তম সিনেমা। এপ্রিল মাসে দেব নিজেই এই ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে ছবিতে টালিউডের শক্তিমান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের যুক্ত হওয়ার খবর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা