নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ জেলা শহর ও সীমান্তবর্তী এলাকার ৫০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন এবং ২ প্লাটুন সদস্য স্ট্যান্ডবাই থাকবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত সাতটি পূজামণ্ডপের নিরাপত্তায় তিন প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর থেকে তিন কিলোমিটারের মধ্যে নওগাঁ শহরের ৪৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় আরও তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদরে দুই প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হবে।
গত ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপ এলাকায় রেকি ও প্রস্তুতিমূলক টহল পরিচালনা করা হয়েছে। ১৬ অক্টোবর থেকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে টহল কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে, বৃহস্পতিবার নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে তাঁদের আর্থিক অনুদান দেন।
বিজিবি জানিয়েছে, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।