এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ‘সামির’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তার পারদ কয়েক গুণ চড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন খায়রুল বাসার। ফলে, অনেকের সঙ্গে নাম জড়িয়েছে পর্দার জীবনানন্দ দাশের। এ তালিকায় রয়েছেন—তানজিন তিশা, সাদনিমা বিনতে নোমানের মতো অভিনেত্রীরা। একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পর্দার রোমান্স ব্যক্তিগত জীবনে কতটা গড়িয়েছে, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন খায়রুল বাসার।
এ আলাপচারিতায় সঞ্চালক সরাসরি জানতে চান—তানজিন তিশার সঙ্গে আপনার ব্রেকআপ হলো কেন? এ প্রশ্নের জবাবে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে খায়রুল বাসার পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “ওর সঙ্গে আমার কবে প্রেম ছিল? প্রেম থাকলে তো ব্রেকআপ হবে! তার সঙ্গে আমার আগেও কথা হতো, এখনো কথা হয়। তানজিন তিশা একটু পাগলাটে, একটু পাগল মানুষ, রেগে যান! কিন্তু খুবই ভালো মানুষ।”
‘পারিজাতের জন্য ভালোবাসা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘অবুঝ বায়না’, ‘গল্পের নাম মায়া’ প্রভৃতি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা
নায়িকাদের সঙ্গে আপনার কেন প্রেমের গুঞ্জন ওঠে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে খায়রুল বাসার বলেন, “আমি সারা দিন নায়িকাদের সঙ্গে কাজ করি। তাহলে নায়িকাদের সঙ্গে গুঞ্জন হবে না তো কার সঙ্গে হবে! আমাকে তো আর কারো সঙ্গে দেখা যাচ্ছে না।”
তারপরও তো বেশ কয়েকজনের সঙ্গে আপনার নাম জড়িয়েছে। এই গুঞ্জন কতটা সত্যি? জবাবে খায়রুল বাসার বলেন, “গুঞ্জন মোটেই সত্যি না। কিন্তু, এসব গুঞ্জন আমি উপভোগ করি।”
অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের সঙ্গে আপনার সম্পর্ক আছে? এ বিষয়ে খায়রুল বাসারের পরিষ্কার জবাব—“না।” কিছুটা ব্যাখ্যা করে তিনি বলেন, “আসলে আমি তো ‘না’ বলে দিলেই এটা শেষ হয়ে গেল না। সে আমার সহশিল্পী। সাদনিমা ভীষণ ভালো মানুষ এবং স্পষ্টবাদী।”
‘জলকৌড়ি’, ‘জ্বীন ও পরীর সংসার’, ‘আগলে রেখো’, ‘তোমাকে পাওয়ার জন্য’ প্রভৃতি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান
তাহলে আপনি কবে বিয়ে করছেন? এ প্রশ্নের উত্তরে খায়রুল বাসার বলেন, “আমি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই করতে পারছি না। বিয়ে নিয়ে এখন পর্যন্ত আমার একদমই কোনো ভাবনা নাই। আমার মনে হয়, আমার অনেক কাজ বাকি। পারিবারিক কিছু দায়-দায়িত্বের ব্যাপার আছে। আগে এগুলো শেষ করব, তারপর হয়তো অবকাশে বিয়ের ব্যাপারটি নিয়ে ভাবা যেতে পারে না।”
খায়রুল বাসার বক্তব্য শেষ হওয়ার পর সঞ্চালক বলেন, উইকিপিডিয়াতে আপনার বয়স ৪৬ দেওয়া, তা কী খেয়াল করেছেন? হাসতে হাসতে খায়রুল বাসার বলেন, “৬৪ দিলেও মন্দ হতো না।”
‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের সাফল্যের পর পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটি। ‘এটা আমাদেরই গল্প’-এ খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, দীপা খন্দকার, নাদের চৌধুরী, মনিরা মিঠুসহ কয়েকজন অভিনয়শিল্পী আলোচনায় ছিলেন। নতুন ধারাবাহিকটিতে তাদের সবাইকে দেখা যাচ্ছে না। তবে দীপা খন্দকার, খায়রুল বাসার, মনিরা মিঠুসহ বেশ কয়েকজন আছেন।
গত ৭ অক্টোবর চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের। পূর্বের মতো এ ধারাবাহিকও এরই মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে। এ নাটকের সবচেয়ে বড় চমক জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। সঙ্গে আছেন তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। তাছাড়াও অভিনয় করছেন—এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন, মুকিত জাকারিয়া প্রমুখ।
প্রায় এক দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটকট-টেলিফিল্ম উপহার দিয়েছেন খায়রুল বাসার। এ তালিকায় রয়েছে—‘রোদ বৃষ্টির গল্প’, ‘গল্পটা থেকে যায়’, ‘জলকৌড়ি’, ‘নাইট গার্ড’, ‘যুগল পাখির প্রেম বাগান’, ‘বাবুই’, ‘শহরে অনেক রোদ’, ‘এক্স=প্রেম’, ‘ভটভটি’, ‘গুণপোকা’ প্রভৃতি।
২০১৯ সালে ‘ইতি, তোমারই ঢাকা’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে খায়রুল বাসারের। এরপর মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় করেন। পরবর্তীতে ‘কাজলরেখা’, ‘বনলতা সেন’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। তাছাড়া ‘মহানগর’, ‘বোধ’, ‘কাবাডি’, ‘নিখোঁজ’ ওয়েব সিরিজে যেমন অভিনয় করেছেন, তেমনই ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘প্রজন্ম টু’-এর মতো ওয়েব ফিল্ম উপহার দিয়েছেন এই তারকা
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা