জেলা প্রতিনিধি মোঃ ফোরকানুল ইসলামঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। জরাজীর্ণ ভবন, অপরিচ্ছন্ন পরিবেশ, চারপাশে ঝোপঝাড় ও জঙ্গলে ঘেরা হাসপাতালটির অবকাঠামোগত দুরবস্থায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবার পরিবেশ। অথচ প্রতিদিন এখানে চিকিৎসাসেবা নিতে আসেন বিপুলসংখ্যক রোগী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটির চারপাশ বনজঙ্গল ও আগাছায় আবৃত। দূর থেকে দেখলে এটি যে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র, তা সহজে বোঝার উপায় নেই। হাসপাতালের নামফলকও চোখে পড়েনি। ভেতরের পরিবেশও স্বাস্থ্যসম্মত নয় বলে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এ স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ১০০ থেকে ১২৫ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। তাঁদের সেবা দিতে নিয়মিত দায়িত্ব পালন করছেন দুজন চিকিৎসক।এছাড়াও উক্ত স্বাস্থ্য উপকেন্দ্রে এম এল এস এস আমেনা বেগম পদায়ন থাকলেও তিনি কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মবহির্ভূতভাবে সরকারি নীতিকে উপেক্ষা করে দীর্ঘদিন কাজ করছেন বলেন জানা গেছে। উক্ত স্বাস্থ্য উপকেন্দ্রের বেহাল দশায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি পদায়কৃত সকল কর্মকর্তা কর্মচারী উক্ত উপ স্বাস্থ্য কেন্দ্রে পুনর্বহালের দাবী জানিয়েছেন। উক্ত স্বাস্থ্য কেন্দ্রে রোগীর তুলনায় বসার ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। রোগীদের অপেক্ষা করার জন্য রয়েছে মাত্র পাঁচটি চেয়ার। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের বসার জায়গা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়।
ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপ-স্বাস্থ্য কেন্দ্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যকেন্দ্র সহজে চিকিৎসাসেবা পাওয়ার অন্যতম ভরসা। কিন্তু হাসপাতালটির বর্তমান পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, হাসপাতালটির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঝোপঝাড় পরিষ্কার করা, দৃশ্যমান স্থানে নামফলক স্থাপন এবং রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি ভবনটির অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া বলেন, হাসপাতাল কম্পাউন্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, নামফলক স্থাপনসহ উপ-স্বাস্থ্য কেন্দ্রটির আধুনিকায়নের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বায়েক উপ-স্বাস্থ্য কেন্দ্রটির পরিবেশ ও অবকাঠামোর উন্নয়ন করা হবে, যাতে সাধারণ মানুষ পরিচ্ছন্ন পরিবেশে নির্বিঘ্নে চিকিৎসাসেবা পেতে পারেন।
