সিরাজুল ইসলাম
নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি
নাটোর জেলার নলডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে আটক করা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকার সময় নলডাঙ্গা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিপ্রবেলঘড়িয়া বাসুদেবপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে নিজ বসত বাড়িতে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে শ্রী আশিষ কুমার (৩৮) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আশিষ কুমার বিপ্রবেলঘড়িয়া বাসুদেবপুর এলাকার সমর চন্দ্র ও ঝুমুর রানীর ছেলে।
গ্রেপ্তারের পর অভিযুক্ত ব্যক্তি মাদক সেবনের কথা স্বীকার করেন। পরবর্তীতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা মোতাবেক অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা প্রদান করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী, আসামিকে প্রাথমিক চিকিৎসা শেষে নাটোর জেলা কারাগার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে।