রূপকথার জগতে এমন কিছু চরিত্র রয়েছে, যাদের অভিযান, সাহসিকতা আর জাদুর গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। কখনো জাদুর প্রদীপ, কখনো অজানা দ্বীপে দুঃসাহসিক অভিযান, আবার কখনো রহস্যময় গুপ্তধনের সন্ধান- এসব গল্পের আবেদন আজও ফুরায়নি। এবার সেই চেনা জগতের কয়েকটি জনপ্রিয় চরিত্রকে ঘিরে তৈরি হতে যাচ্ছে নতুন এক কল্পনার জগৎ।
এ আয়োজনের বিশেষত্ব হলো, আলাদা আলাদা গল্পের পরিচিত চরিত্রগুলোকে এবার দেখা যাবে একই অভিযানে। তাদের সামনে থাকবে এক ভয়ংকর শত্রু, আর সেই বিপদ মোকাবিলায় প্রয়োজন হবে সাহস, বুদ্ধি ও জাদুর শক্তি। গল্পের পরতে পরতে থাকবে রহস্য, রোমাঞ্চ ও অলৌকিক সব ঘটনা।
শুধু চরিত্রদের নতুন করে একসঙ্গে হাজির করাই নয়, এই আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হবে এমন এক কাল্পনিক আখ্যান, যা দর্শকদের পরিচিত রূপকথার পেছনের গল্পের নতুন ব্যাখ্যা দেবে। আর সেই জগতের কেন্দ্রেই থাকবেন এক কিংবদন্তি গল্পকার, যাঁর কাহিনি থেকে জন্ম নিয়েছে অসংখ্য রোমাঞ্চকর উপাখ্যান।
এবার সেই পরিকল্পনাই বাস্তবে রূপ দিতে যাচ্ছে হলিউড। ‘আরব্য রজনী’ বা ‘ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস’ অবলম্বনে নির্মিত হচ্ছে ১০ পর্বের লাইভ-অ্যাকশন ফ্যান্টাসি সিরিজ ‘অ্যারাবিয়ান নাইটস’। এতে একই গল্পে হাজির হবে দুঃসাহসী নাবিক সিনবাদ, জাদুর প্রদীপের অধিকারী আলাদিন ও বুদ্ধিমান আলীবাবা।
সিরিজের গল্পে এই তিন চরিত্রের সঙ্গে থাকবেন শাহেরজাদ। তারা এক অশুভ জাদুকরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করবে। সেই অভিযানের মধ্য দিয়েই শাহেরজাদ হয়ে উঠবেন সর্বকালের অন্যতম সেরা গল্পকার। পরবর্তী সময়ে তাঁদের অভিযান ও অভিজ্ঞতাই রূপ নেবে কিংবদন্তি রূপকথায়।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা