বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ দিনে ৪৭৭ কোটি রুপি আয় করে ‘জেলার ২’-এর রেকর্ড

পাঁচ দিনে ৪৭৭ কোটি রুপি আয় করে ‘জেলার ২’-এর রেকর্ড

পাঁচ দিনে ৪৭৭ কোটি রুপি আয় করে ‘জেলার ২’-এর রেকর্ড

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহে একের পর এক সিনেমার আয়ের রেকর্ড ভাঙছে নেলসন দিলীপকুমার পরিচালিত অ্যাকশন-কমেডি সিনেমাটি।

মুক্তির পাঁচ দিনে বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৭৫ লাখ রুপি। এর মধ্য দিয়ে কমল হাসানের ‘বিক্রম’ ও বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর বিশ্বব্যাপী আয়কে ছাড়িয়ে গেছে সিনেমাটি।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েলটিতে আবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। এতে খলনায়ক হিসেবে নতুনভাবে যুক্ত হয়েছেন এসজে সূর্য, সুরজ ভেঞ্জারামুডু, মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালান।

এ ছাড়া প্রথম সিনেমার মতোই অতিথি চরিত্রে দেখা গেছে মোহনলাল, শিবরাজকুমার ও জ্যাকি শ্রফকে। নতুন অতিথি চরিত্রে যুক্ত হয়েছেন হৃতিক রোশন ও বিজয় সেতুপতি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম সোমবার ভারতে সিনেমাটি নিট আয় করেছে ৪২ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে তামিল সংস্করণ থেকে এসেছে ৩১ কোটি ৪০ লাখ, তেলুগু সংস্করণ থেকে ৭ কোটি ১৫ লাখ এবং হিন্দি সংস্করণ থেকে ৩ কোটি ৩৫ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ৪৫ লাখ রুপি।

এ নিয়ে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২৪২ কোটি ২৫ লাখ রুপি। দেশটিতে মোট গ্রস আয় ২৮৩ কোটি ৭৫ লাখ রুপি।

অন্যদিকে, মুক্তির পঞ্চম দিনে বিদেশের বাজার থেকে আরও ১০ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে আন্তর্জাতিক বাজারে এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৯৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ৪৭৭ কোটি ৭৫ লাখ রুপি।

বিশ্বব্যাপী আয়ের হিসাবে কমল হাসানের ‘বিক্রম’-এর ৪২২ কোটি রুপি এবং বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর ৪৫৭ কোটি রুপির আয় ছাড়িয়ে গেছে ‘জেলার ২’। এর মধ্য দিয়ে সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে সিনেমাটি।

এবার সিনেমাটির লক্ষ্য ‘পোন্নিয়িন সেলভান-১’, ‘কুলি’ ও ‘লিও’-এর আয় ছাড়িয়ে যাওয়া। এই তিন সিনেমার বিশ্বব্যাপী আয় যথাক্রমে ৪৮৮ কোটি, ৫১৮ কোটি ও ৬০৫ কোটি রুপি।

আজ মঙ্গলবার দশেরার ছুটি থাকায় ‘জেলার ২’-এর আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বক্স অফিসে বর্তমান গতি ধরে রাখতে পারলে প্রথম সপ্তাহেই ‘পোন্নিয়িন সেলভান ১’ ও ‘কুলি’-কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত সিনেমাটি কত দূর এগোতে পারে, তা নির্ভর করছে আগামী দিনগুলোতে বক্স অফিসে এর আয় ধরে রাখার ওপর।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা