মুক্তির আগেই নেপালে বাধার মুখে পড়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলী খান অভিনীত সিনেমা ‘উড়তা তীর’। দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির প্রকাশ্য প্রদর্শনের অনুমতি দেয়নি। ফলে নেপালে সিনেমাটির নির্ধারিত মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড মনে করেছে, সিনেমাটির বিষয়বস্তু দেশটির চলচ্চিত্র আইন অনুযায়ী নিষিদ্ধ শ্রেণির আওতায় পড়ে।
নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র পরিবেশক ন্যাশনাল সিনে গ্রুপ নেপালকে পাঠানো এক সরকারি চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “ন্যাশনাল সিনেমা (প্রোডাকশন, এক্সিবিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন) অ্যাক্ট, ২০২৬’-এর ৮(৩) ধারার আওতায় সিনেমাটি প্রকাশ্যে প্রদর্শন করা যাবে না।”
চিঠিতে আরো বলা হয়েছে, পর্যালোচনার জন্য জমা দেওয়া উপকরণের ভিত্তিতে কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি পরীক্ষা করে। এরপর বোর্ডের সিদ্ধান্ত হয়, সিনেমার বিষয়বস্তু আইনে নিষিদ্ধ শ্রেণির মধ্যে পড়ায় এটিকে জনসমক্ষে প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।
কেন আটকাল সিনেমাটি?
প্রতিবেদন অনুযায়ী, ‘উড়তা তীর’-এর গল্পে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার বিষয়টি উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, সিনেমার এই বিষয়বস্তুই সেন্সর বোর্ডের সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। তবে, মন্ত্রণালয়ের চিঠিতে কোন দৃশ্য বা নির্দিষ্ট কোন বিষয়বস্তুর কারণে সিনেমাটি আটকে দেওয়া হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
নেপালের চলচ্চিত্র আইনে এমন বিধান রয়েছে, যার আওতায় কোনো সিনেমার বিষয়বস্তু দেশটির জাতীয় স্বার্থ বা জনগোষ্ঠীর ওপর প্রভাব ফেলতে পারে বলে বিবেচিত হলে সেটির প্রদর্শন সীমিত করা যায়। ‘উড়তা তীর’-এর ক্ষেত্রেও প্রকাশ্য প্রদর্শনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিনেমাটি মুক্তির নির্ধারিত সময় ঘনিয়ে আসার আগেই এই সিদ্ধান্ত এসেছে। ফলে নেপালে সিনেমাটি আদৌ কবে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত নয়।
আকাশ কৌশিক পরিচালিত ‘উড়তা তীর’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান। স্পাই কমেডি ঘরানার। এই সিনেমাটি ভারতীয় প্রেক্ষাগৃহে ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।
তবে, নেপালে প্রদর্শনের অনুমতি না মেলায় সেখানে ‘উড়তা তীর’-এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা