বলিউড মেগাস্টার সালমান খান অভিনীত যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ অবশেষে গল্পে বড় ধরনের সংশোধনের পর সরকারি অনুমোদন লাভ করেছে। প্রাথমিক টিজার প্রকাশের পর চীনা গণমাধ্যমের সমালোচনা ও নানা বিতর্কের মুখে ছবিটির একাধিকবার পুনর্দৃশ্যধারণ করা হয় এবং মূল গল্প থেকে চীন-সম্পর্কিত সমস্ত তথ্য ও উল্লেখ বাদ দেওয়া হয়।
‘বলিউড হাঙ্গামা’-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ছবিটির পরিবর্তিত সংস্করণকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য সবুজ সংকেত দিয়েছে। এখন কেবল ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর আনুষ্ঠানিক সেন্সর ছাড়পত্রের অপেক্ষা। সেন্সর প্রক্রিয়া শেষ হলেই নির্মাতারা এটি আগামী ১৩ নভেম্বর দীপাবলি পরবর্তী উৎসবে মুক্তির চূড়ান্ত পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, অপূর্ব লাক্ষিয়া পরিচালিত ও সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটির পূর্বনাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। এতে সালমান খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। সিবিএফসি থেকে প্রয়োজনীয় সনদ মিললে পরিচালক নীতেশ তিওয়ারির বিগ বাজেটের ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর মুক্তির মাত্র এক সপ্তাহ পর প্রেক্ষাগৃহে হাজির হবে ‘মাতৃভূমি’। আগামী ১০ দিনের মধ্যেই ছবিটির মুক্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা