ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরেই নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা গুঞ্জন। অভিনেত্রী নাকি মা হতে চলেছেন। সম্প্রতি এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পূর্ণিমা।
এদিকে, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা যাবে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নতুন সিজনে বিচারকের আসনে। এর আগে অনুষ্ঠানটির একাধিক সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী পূর্ণিমা। তবে এবার নবম সিজনে তার বদলে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে।
বিষয়টি সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তায় নিজেই নিশ্চিত করেছেন জয়া। রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নাবিষয়ক কোনো অনুষ্ঠানে এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে তাকে বলেও জানান তিনি।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা