শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬৮টি পূজা মণ্ডপে নগদ আর্থিক অনুদান পৌঁছে দিয়েছেন উপজেলা বিএনপির (সাবেক) ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মাদ মোর্শেদ আলম।
শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে মণ্ডপগুলোতে উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁর প্রতিনিধি হিসেবে স্থানীয় নেতাকর্মীরা প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে এই আর্থিক উপহার ও শারদীয় শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুহাম্মাদ মোর্শেদ আলম বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত রয়েছেন।
অসুস্থ অবস্থায় দেয়া এক বার্তায় মুহাম্মাদ মোর্শেদ আলম বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সার্বজনীন আনন্দের দিন। শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি নিজে উপস্থিত হতে পারিনি, তবে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আনন্দের অংশীদার হতে এই ক্ষুদ্র উপহার পৌঁছে দিয়েছি।"
বহিষ্কারাদেশ ও বিএনপি প্রসঙ্গে আশা প্রকাশ করে তিনি বলেন, "আমি বিশ্বাস করি আমার প্রিয় দল এবং আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অতি দ্রুতই আমার ওপর অর্পিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেবেন। দলের জন্য এবং এলাকার সাধারণ মানুষের কল্যাণে যেন আবারও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পাই, সেই প্রত্যাশাই করছি।"
অনুদান বিতরণকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে অনুদান পৌঁছে দেওয়ার কাজে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আশিকুর রহমান শ্রাবন ভালুকা প্রতিনিধি,