বেশ কিছুদিন বিরতির পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। ‘আলো’ নামের একটি সিনেমার জন্য নতুন গান গেয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল।
গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং করেন মনির খান। দীর্ঘ বিরতির পর সিনেমার গানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই শিল্পী।
এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’
মনির খানের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও রয়েছে তার পরিচিতি। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমার গানে তার অংশগ্রহণ সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা