আজিজুর রহমান শাহীন, পানছড়ি উপজেলা প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়িতে বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ, উন্নয়ন কর্মকাণ্ড এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তুলে ধরে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পানছড়ি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিতরণ করা লিফলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের কথা তুলে ধরা হয়। এতে বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকটের পেছনের কারণ, সার সরবরাহে অনিয়ম, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং খাদ্য মজুত বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।
লিফলেটে বলা হয়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে অপরিকল্পিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, জ্বালানি ব্যবস্থাপনায় দুর্বলতা, দুর্নীতি ও অনিয়মের কারণে বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলেও এ সংকট সমাধানে কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল বলে দাবি করা হয়।
এ পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার বিদ্যুৎ খাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে লিফলেটে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে ৬৪ শতাংশ লাইফলাইন গ্রাহকের বিদ্যুতের ট্যারিফ অপরিবর্তিত রাখা, আটটি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনার মাধ্যমে বিদ্যুতের মূল্য কমানো এবং আরও ৫১টি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে মূল্য কমানোর বিষয়ে আলোচনা। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
গ্যাস খাতের সংকট মোকাবিলায় দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, এলএনজি আমদানি সম্প্রসারণ, নতুন কূপ খনন এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ১৫০টি নতুন গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে বলেও লিফলেটে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কুতুবদিয়া নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, পায়রা ও মোংলায় আরও দুটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা এবং গ্যাস পরিবহনের পাইপলাইন সম্প্রসারণের বিষয় তুলে ধরা হয়।
সার সংকট প্রসঙ্গে লিফলেটে বলা হয়, দেশে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও ডিলারদের একটি অংশের অনিয়ম, অবৈধ মজুত ও কৃত্রিম সংকটের কারণে কৃষকরা ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় ডিলারদের ওপর নজরদারি বৃদ্ধি, অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিকল্প দেশ থেকে সার আমদানি এবং সংশোধিত সার ডিলার নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
পাশাপাশি দেশীয় সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কৃষকদের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দিতে কৃষক কার্ড চালু এবং সুষম সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করার বিষয়টিও তুলে ধরা হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে লিফলেটে দাবি করা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক নানা সংকটের মধ্যেও সরকার দেশের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, আলু, মাছ, মাংস ও ডিমের বাজারদরের তুলনামূলক চিত্রও এতে তুলে ধরা হয়।
এ ছাড়া সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে ওএমএস ও টিসিবির কার্যক্রম, ভর্তুকিমূল্যে চাল-আটা বিক্রি এবং সরকারি খাদ্যগুদামে খাদ্যশস্যের মজুত বৃদ্ধির তথ্য তুলে ধরা হয়েছে। লিফলেটে সরকারি খাদ্যগুদামে ২৪ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত থাকার তথ্যও উল্লেখ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের কাছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপের তথ্য পৌঁছে দেন।