রাঙ্গামাটির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ তুলে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং সাজেকবাসীর ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে।
সংগঠনটির সভাপতি উষাতন চাকমা বিবৃতিতে জানান, শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সড়ক ও নৌপথে এ অবরোধ কর্মসূচি চলবে।
কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
তবে অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি।