এম টি আই আহাদ মাহমুদঃ গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটে উপজেলার ৬ নম্বর দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামে রাসেল নামে এক ব্যক্তির দোকানের সামনে মাটির রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার গন্ধর্ববাড়ী গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৩৪) এবং ফুলবাড়ী মিস্ত্রিপাড়া এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুইজনকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার বেলাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে শহিদুল ইসলামের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা থাকার তথ্য উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।