মাতৃছায়া হারিয়ে শোকে স্তব্ধ ১২ বছরের এক শিশুর পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক নজির স্থাপন করলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতুল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক জনাব এস. এম. নাজমুল হোসেন রুবেল শিকদার।
জানা যায়, রাতুল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের মৃত নীলা বেগম ও শাহজাহান সরদারের ১২ বছর বয়সী পুত্র শিশু আব্দুর রহমান স্থানীয় একটি মাদ্রাসায় অধ্যয়নরত। গত দুই দিন আগে তার মমতাময়ী মা ইন্তেকাল করেন। মাত্র ১২ বছর বয়সে মাথার ওপর থেকে মায়ের ছায়া চিরতরে হারিয়ে শিশু আব্দুর রহমান মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। পরিবারের এমন শোকাবহ ও অসহায় মুহূর্তে শিশুটির ভবিষ্যৎ নিয়ে যখন চারদিকে অনিশ্চয়তা তৈরি হয়, ঠিক তখন ত্রাতা হিসেবে এগিয়ে আসেন নাজমুল হোসেন রুবেল শিকদার।
অসহায় শিশুটির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে তিনি শিশু আব্দুর রহমানের পড়াশোনাসহ যাবতীয় খরচ নিজ কাঁধে তুলে নেওয়ার ঘোষণা দেন। তার এই মহৎ ও মানবিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসী ও সুধীমহলে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, একজন প্রকৃত জননেতা ও জনপ্রতিনিধি হওয়ার পূর্বশর্ত হলো মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো। নাজমুল হোসেন রুবেল শিকদারের এই পদক্ষেপে শুধু একটি এতিম শিশুর পড়াশোনাই নিশ্চিত হলো না, বরং এটি সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
প্রতিবেদক
আল ফাহাদ
কাশিয়ানী, গোপালগঞ্জ।