লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা দেওয়া হয়েছিল চ্যাম্পিয়নকে নিয়ে সিনেমা বানাবেন নির্মাতা রায়হান রাফী, আর সেরা তিন বিজয়ীকে নিয়ে ওয়েব ফিল্ম বানাবেন শিহাব শাহীন। এরই মধ্যে তিন লাক্স সুন্দরী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে শিহাব শাহীন বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। গতকাল ট্রেলার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। ২৯ অক্টোবর থেকে আইস্ক্রিনে দেখা যাবে ক্যাফে আমব্রেলা।
ক্যাফে আমব্রেলায় দেখা যাবে চার জুটির চার রকম ভালোবাসার গল্প। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি গল্পে রয়েছে সম্পর্কের টানাপোড়েন, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি ও আবেগের নানা প্রকাশ। বিদুষী বর্ণিতার বিপরীতে আছেন তৌসিফ মাহবুব। নাযাহ নাওয়ারের সঙ্গে পার্থ শেখ এবং আমিনা ইসলামের সঙ্গে দেখা যাবে আরেফিন জিলানিকে। অন্য জুটিতে আছেন সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম।
এই ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে বিদুষী, নাযাহ ও আমিনার। তাই শুটিং শুরুর আগে তাঁদের নিয়ে প্রায় এক মাসের কর্মশালা করেছেন শিহাব শাহীন। প্রথম ওয়েব ফিল্মের অভিজ্ঞতা জানিয়ে লাক্স চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা বলেন, ‘লাক্সের পর এটা আমার প্রথম বড় কাজ। লাক্সের মেয়েরা একসঙ্গে কাজটি করেছি। রিহার্সালও একসঙ্গে হয়েছে। একসঙ্গে ক্যারিয়ারের শুরুর বিষয়টি খুব এক্সাইটিং। শিহাব শাহীন স্যার আমাদের অনেক সময় দিয়েছেন।’
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা