মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার বালিয়ার মাঠ এলাকায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা ও ঈসা আলী নামে ৯ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।
নিহত হুজাইফা খালকুলপাড়া গ্রামের ইমন বিশ্বাসের ছেলে এবং ঈসা আলী একই গ্রামের অন্তর বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুই শিশু মাগুরা শহরের মোল্লাপাড়া এলাকার বালিয়ার মাঠে খেলতে যায়। এ সময় তারা সেখানকার একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
হুজাইফার মা শরিফা বেগম জানান, দুপুরে দুই ভাই খেলতে বের হয়েছিল। পরে পুকুরের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানতে পারেন তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার চিকিৎসক হরষিত বিশ্বাস জানান, পানিতে ডুবে যাওয়ার পর দুই শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন। মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।