ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হত্যার হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিনেত্রী চমকের অভিযোগ, হাদির পক্ষে ফেসবুকে মত প্রকাশ করার পর তাকে একাধিক নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত শুক্রবার রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই দিন চমক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।”
এই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান অভিনেত্রী।
