টানা ফ্লপের ধারাবাহিকতা কাটিয়ে ২০২৩ সালে ‘পাঠান’সিনেমার হাত ধরে স্বমহিমায় ফিরেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। রুপালি পর্দায় শাহরুখের কণ্ঠে ‘জিন্দা হ্যায়’ সংলাপ শুনে প্রেক্ষাগৃহে দর্শকদের উচ্ছ্বাস আজও স্মরণীয়। সেই সময় থেকেই দর্শকের প্রশ্ন একটাই-কবে আসছে ‘পাঠান ২’?
এরই মধ্যে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া। সব ঠিক থাকলে আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই সিনেমাটি ফ্লোরে যাওয়ার কথা। এর মধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে- ‘পাঠান ২’-এ নাকি অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সেই হলে পর্দায় দুই সুপারস্টারের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সিনেমার সঙ্গে যুক্ত কেউই। তবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবি ঘিরে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জুনিয়র এনটিআরকে এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করার ভাবনা রয়েছে, যা নাকি শাহরুখ খানের চরিত্রের সমতুল্য হবে। এই গুঞ্জন সামনে আসতেই দুই তারকার অনুরাগীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে।
শাহরুখ খান ও জুনিয়র এনটিআরশাহরুখ খান ও জুনিয়র এনটিআর
