মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) উপপরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ড্যান বঙ্গিনো। জানুয়ারি মাসে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাশাপাশি এফবিআই’র পরিচালক ও অ্যাটর্নি জেনারেলকে ‘সেবা করার সুযোগ’ দেয়ার জন্য ধন্যবাদ জানান বঙ্গিনো।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ট্রাম্প বলেছিলেন, সাবেক পডকাস্ট হোস্ট বঙ্গিনো তার দায়িত্ব ‘দারুণভাবে পালন করেছেন’এবং তিনি ‘আবার নিজের শোতে ফিরে যেতে চান’।
গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের নিয়োগে এই পদে আসা বঙ্গিনো আগে নিউইয়র্ক সিটি পুলিশের কর্মকর্তা ছিলেন এবং পরে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্য হিসেবে তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে নিজের পডকাস্ট ও বিভিন্ন গণমাধ্যমে উপস্থিতির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান বঙ্গিনো।
বিবিসি বলছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বঙ্গিনোকে এই পদে নিয়োগ দেয়া অনেকের কাছে বিস্ময়কর ছিল। কারণ এর আগে এই পদটি সাধারণত এজেন্সির অভিজ্ঞ ক্যারিয়ার এজেন্টদের হাতেই থাকত, যেখানে বঙ্গিনোর এফবিআইয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল না।
