অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৮টি টি–টোয়েন্টি খেলেছেন জো বার্নস, তাকে ধরা হচ্ছিল অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ তারকা। তবে প্রত্যাশা পূরণ না হওয়ায় ২০২০ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ছিটকে যান তিনি। এরপর ক্রিকেটের সঙ্গ ছাড়েননি; বরং নিজেকে নতুনভাবে গড়ে তুলে আন্তর্জাতিক অঙ্গনে ফেরেন ইতালির হয়ে। সেই জো বার্নসই এবার ইতালিকে টি–টোয়েন্টি বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রাখেন। কিন্তু অবাক করা বিষয়, আসন্ন ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন এই ব্যাটার।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সময় বাকি থাকলেও ইতালি আগে থেকেই জানিয়ে দিয়েছে—বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হচ্ছে না বার্নসের। দলে যে পরিবর্তন এসেছে তার প্রথম ধাপ অধিনায়কত্বে; জো বার্নসের পরিবর্তে নেতৃত্ব দেওয়া হবে ওয়েন ম্যাডসেনকে। গত মাসেই তাকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে ইতালি।
ইতালিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলীয় স্থিতিশীলতা ও সমন্বয় ধরে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে—বিশ্বকাপের মতো বড় আসরে দলগত ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই পরিকল্পনায় জায়গা হয়নি বার্নসের।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ইউরোপের উপ–আঞ্চলিক ও আঞ্চলিক বাছাইপর্ব খেলেছিলেন বার্নস। সেখানেই একক নৈপুণ্যে দলকে বিশ্বকাপের টিকিট এনে দেন তিনি। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশ ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ইতালি। একই গ্রুপে আরও আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।
জো বার্নসের পরিবারেও ক্রিকেটের গভীর ইতিহাস আছে। বড় ভাই ডমিনিক বার্নস খেলতেন সাব–ডিস্ট্রিক্ট নর্দান ফেডারেলসের হয়ে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভাইকে হারানোর পর তার স্বপ্ন পূরণে ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নেন জো বার্নস।
তবে এবার বিশ্বমঞ্চে সেই যাত্রা অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজের সেরাটা দেওয়ার পরও স্কোয়াড ঘোষণা হওয়ার আগেই বাদ পড়ায় হতাশ ক্রিকেটপ্রেমীরাও। অনেকেই মনে করছেন, বার্নসের জায়গা দলে থাকা উচিত ছিল। কিন্তু সিদ্ধান্ত স্পষ্ট—ইতালির বিশ্বকাপ দলে নেই জো বার্নস।
