লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেলাল হোসেনের হাতে আর্থিক সহায়তা হিসেবে ৪ লাখ টাকা তুলে দেন।
রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রিজভী সদর হাসপাতালে পৌঁছে বেলালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন। তিনি বেলালের চিকিৎসা দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। পরে তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলাল হোসেনের বাড়ি পরিদর্শনে যান। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সভায় অংশ নেন রিজভী।
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন বেলাল হোসেন। তিনি ঘটনার ভয়াবহতার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে। এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বেলালের চিকিৎসা ব্যয় ও ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।
এদিকে বেলালের বসতঘরে আগুন লাগার ঘটনায় এখনো রহস্য কাটেনি। কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তায়ন, মব সৃষ্টি কিংবা তালা মেরে আগুন দেওয়ার প্রমাণ এখনো পাওয়া যায়নি। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বসতঘরে আগুন লাগে। এ ঘটনায় তার ছোট মেয়ে আয়েশা আক্তার (৮) নিহত হয়। বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। বেলালসহ তার আরেক মেয়ে সামিয়া আক্তার বিথি (১৪) গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন।
লক্ষ্মীপুর প্রতিনিধি
মেহেদী মাছুম
