সৌদি আরব টানা দ্বিতীয় বছরের মতো বছরে কার্যকর করা মৃত্যুদণ্ডের সংখ্যায় নিজের আগের সব রেকর্ড ভেঙেছে। সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ৩৪৭ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যা ২০২৪ সালের মোট ৩৪৫ জনের চেয়েও বেশি।
দেশটিতে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় দু’জন পাকিস্তানি নাগরিকের। মাদক-সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাদের। চলতি বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন এক সাংবাদিক, দুই তরুণ ও পাঁচ নারী।
রিপ্রিভ জানায়, মোট মৃত্যুদণ্ডের প্রায় দুই-তৃতীয়াংশই দেয়া হয়েছে অপ্রাণঘাতী মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে। আর তাদের অর্ধেকেরও বেশি ছিলেন বিদেশি নাগরিক।
উল্লেখ্য, সৌদি আরবের এই মৃত্যুদণ্ড বৃদ্ধি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। সৌদি কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
