গ্রিসের দক্ষিণাঞ্চলের গাভদোস দ্বীপসংলগ্ন সমুদ্র থেকে উদ্ধার হওয়া ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি রয়েছেন। স্থানীয় কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধারকৃতদের ৪৩৭ জনই বাংলাদেশের নাগরিক।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে আগিয়া গ্যালিনির দক্ষিণের সমুদ্রপথে একটি মাছ ধরার নৌকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়।
বাংলাদেশিদের পাশাপাশি পাকিস্তানি এবং ভারতীয় নাগরিকও রয়েছেন উদ্ধার হওয়াদের মধ্যে। পরে তাদের ক্রিট আইল্যান্ডে নেয়া হয়। গ্রিস কর্তৃপক্ষের দাবি, উদ্ধারকৃতদের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। বর্তমানে তাদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) একই অঞ্চলে দু'টি নৌকা থেকে ৫ নারীসহ ৬৫ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করে গ্রিস প্রশাসন।
