সংগীতে চল্লিশ বছরের পথচলায় কিছুদিন ধরে বিদেশের মাটিতে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছিল ব্যান্ড 'ওয়ারফেজ'। কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে এবার যাওয়ার কথা ছিল বাংলাদেশের নানা প্রান্তে।
তবে হঠাৎ এই সফর স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়ারফেজ। কারণ কনসার্ট করার জন্য অনুমতি পাচ্ছে না দলটি। কনসার্টের অনুমতি না মিললেও তারা ‘প্রাইভেট শো’ করছেন বলে জানিয়েছেন ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু। তিনি বলেন, কমার্শিয়াল কনসার্ট আয়োজনের পর শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়, যেটা অনেকটা খরচের বিষয় থাকে, ক্ষতির মুখে পড়তে হয়। আমরা এখন এই রিস্কটা নিচ্ছি না।
আগামীতে দেশের পরিস্থিতি কেমন হয় সেটা আগে থেকে বলা যাচ্ছে না বলে ভাষ্য টিপুর। তবে আগামীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে প্রত্যাশা রাখেন তিনি। জেলায় জেলায় কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়ে ফেইসবুকে একটি বিবৃতিও দিয়েছে ওয়ারফেজ।
স্থগিত হওয়া কনসার্ট আগামী বছরের শেষের দিকে করার ঘোষণা দিয়েছে ওয়ারফেজ। গেল বছর 'ওয়ারফেজ' প্রকাশ করে তাদের 'পথচলা ২' অ্যালবাম। যেই অ্যালবামের গানে পুরাতন গানগুলো ফিরছে নতুনভাবে। এর মধ্যে প্রকাশ পেয়েছে 'অন্ধ জীবন' ও 'অবাক ভালোবাসা'।
১৯৮৪ সালের ৫ জুন সংগীত জগতে যাত্রা শুরু করে ওয়ারফেজ। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে অ্যালবাম প্রকাশের মাধ্যমে দলটির যাত্রা শুরু। চার দশকের পথচলায় দলটি উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মত জনপ্রিয় গান। প্রকাশ পেয়েছে ব্যান্ডের আটটি অ্যালবাম।
