ঢালিউডে সালমান শাহ ও মৌসুমী জুটি জনপ্রিয় হয় তাদের প্রথম সিনেমা দিয়েই। ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ অভিনয় করে দেশের মানুষের কাছে সমাদৃত হয়েছিলেন তারা। সিনেমাটির প্রযোজক ছিলেন সুকুমার রঞ্জন ঘোষ। সোমবার (২২ ডিসেম্বর) ৭০ বছর বয়সে মারা গেছেন তিনি।ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সংবাদ মাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব।
সুকুমার রঞ্জন ঘোষ মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্যও ছিলেন। তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্রশিল্পে তার অবদান ছিল অনন্য ও স্মরণীয়।
