তুরস্কের পূর্বাঞ্চলে বিরল ভ্যান বিড়াল সংরক্ষণে চলমান উদ্যোগে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। ভ্যান ইউজুনজু ইয়িল বিশ্ববিদ্যালয়ের ভ্যান ক্যাট রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারের অধীন ক্যাট ভিলায় ২০২৫ সালে মোট ১২০টি শাবকের জন্ম হয়েছে।
সেন্টারের পরিচালক আবদুল্লাহ কায়া আনাদোলু এজেন্সিকে জানান, ভ্যান বিড়াল সাধারণত বছরে তিনটি মৌসুমে বাচ্চা দেয়। চলতি বছরের তৃতীয় প্রজনন মৌসুম শেষে মোট ১২০টি শাবকের জন্ম হয়েছে।
তিনি বলেন, ২০২৫ সালের লক্ষ্য অনুযায়ী জেনেটিকভাবে মূল বৈশিষ্ট্যের কাছাকাছি এমন ৪০টি মা বিড়ালকে প্রজননের জন্য নির্বাচন করা হয়। এর ফলেই জন্ম নেয় প্রায় ১২০টি শাবক, যার মধ্যে ১০০টিকে জেনেটিকভাবে মৌলিক বৈশিষ্ট্যসম্পন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই শাবকদের মধ্যে ১৫টির চোখ ভিন্ন রঙের—একটি ফিরোজা ও অন্যটি অ্যাম্বার—যা ভ্যান বিড়ালের অন্যতম বিরল বৈশিষ্ট্য এবং বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
