আন্তর্জাতিকবিশ্বের অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও আনন্দ, আলো ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। এ উপলক্ষে দেশটির সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের প্রতি শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার রাষ্ট্র ও সরকারপ্রধান।
বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার জাতীয় ঐক্যের মূল ভিত্তি হলো বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান। তিনি উল্লেখ করেন, বৈচিত্র্যের মধ্যেই সংহতি বজায় রাখা একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রধান শর্ত।
রাজা ও রানী রাজা জারিথ সোফিয়ার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় বলা হয়, বড়দিন যেন সবার জীবনে আনন্দ, মানবিকতা ও সৌহার্দ্য নিয়ে আসে।
এদিকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বড়দিনের শুভেচ্ছা বার্তায় বলেন, মালয়েশিয়ার শক্তি নিহিত রয়েছে এর বহুধর্মীয় ও বহু-জাতিগত সমাজব্যবস্থার মধ্যে। তিনি বলেন, সামাজিক সম্প্রীতি কোনো কাকতালীয় বিষয় নয়; এটি গড়ে ওঠে ন্যায়ভিত্তিক নীতি, সমান সুযোগ এবং নাগরিকদের প্রতি পারস্পরিক সম্মানের মাধ্যমে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তা ও মানবিক সংকট বাড়লেও মালয়েশিয়া শান্তি, সংলাপ ও সহনশীলতার পথেই অগ্রসর হচ্ছে। প্রতিটি নাগরিকের মর্যাদা নিশ্চিত করাই সরকারের প্রধান অঙ্গীকার।
বড়দিন উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরসহ দেশের বিভিন্ন শহরে গির্জা ও জনসমাগমস্থলে বিশেষ প্রার্থনা, আলোকসজ্জা ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এসব আয়োজন মালয়েশিয়ার সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে ফুটে ওঠে।
-1766729386.jpg)