রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ৭৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে দেশটির সরকার। এর মধ্যদিয়ে পাকিস্তানে বিমান পরিবহনের ইতিহাসে নতুন যুগের সূচনা হলো।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক প্রতিযোগিতাপূর্ণ নিলামে ১৩৫ বিলিয়ন রুপির (৪৮ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে এয়ারলাইনসের মালিকানা কিনেছে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে।
পিআইএ বিক্রির নিলামে সরকারের রেফারেন্স মূল্য ছিল ১০০ বিলিয়ন রুপি। তাতে তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। নিলাম অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।
নিলাম শুরুর সময় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় লেনদেন হতে যাচ্ছে এটি। তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি।
