অস্ট্রেলিয়ার একক আধিপত্যে প্রথম তিন ম্যাচেই নির্ধারণ হয়ে গেছে সিরিজ। তবুও অ্যাশেজ নিয়ে উন্মাদনা একটুও কমেনি সমর্থকদের। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছে। যা ছাড়িয়ে গেছে ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালকেও।শুক্রবার (২৬ ডিসেম্বর) মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের লড়াই দেখতে উপস্থিত হয়েছিলেন ৯৪ হাজার ১৯৯ জন দর্শক। কোনো ক্রিকেটে ম্যাচে স্টেডিয়ামটিতে যা একদিনে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে। স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে সেদিন উপস্থিত হয়েছিলেন ৯৩ হাজার ১৩ জন দর্শক।
শুধু টেস্টের হিসেবে মেলবোর্নে আগের রেকর্ডটি ছিল ২০১৩ সালে। ওই বছর বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াই দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন ৯১ হাজার ১১২ জন দর্শক।
