নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলা। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে পর্দা ওঠে বিপিএলের। একই দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস।দেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল, এক যুগ পার হলেও এখনো বিতর্ক এড়াতে পারেনি টুর্নামেন্টটি। প্রতি আসরেই কোনো না কোনো বিতর্ক থাকবেই, এবারও তার ব্যতিক্রম নয়। উদ্বোধনী দিনেই জন্ম দিলো নতুন এক বিতর্কের।
ফ্র্যাঞ্চাইজি লিগে ট্রফি নিয়ে জাঁকজমকপূর্ণ উন্মোচনের রেওয়াজ থাকলেও বিপিএলে দেখা গেলো তার উল্টো চিত্র। বিদেশ থেকে নির্ধারিত সময়ে এসে পৌঁছায়নি ট্রফি, যে কারণে ট্রফি ছাড়াই শুরু হয়েছে এবারের আসর।
