তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের ১০ ব্যাক্তি ও ২০টি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার (২৬ ডিসেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়।নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চীনে থাকা সম্পদ জব্দ করা হবে বলেও জানায় চীন। অপরদিকে, চীনের এই পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র।
চীনের তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা প্রতিষ্ঠান আন্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংস্থাগুলোর নয়জন জ্যেষ্ঠ নির্বাহী। তাদের চীনে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় পড়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নর্থরপ গ্রুম্যান সিস্টেমস করপোরেশন, এলথ্রি হ্যারিস মেরিটাইম সার্ভিসেস এবং বোয়িংয়ের সেন্ট লুইস শাখা, যা মূলত প্রতিরক্ষা সংক্রান্ত কাজ করে।
