দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে কাজ করছেন বলিউডেও। শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে।
তিনি অনুরাগ বসুর পরবর্তী সিনেমাতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন। এই নায়িকা সম্প্রতি শঙ্কার কথা প্রকাশ করেছেন। কারণ বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক কনটেন্টের অপব্যবহার যেভাবে বাড়ছে তা নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই নায়িকা তার ভক্ত ও অনুসারীদের এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট না ছড়ানোর আহবান জানিয়েছেন।
ইনস্টাগ্রামে শ্রীলীলা লিখেছেন, ‘আমি দুই হাত জোড় করে সব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনুরোধ করছি, এআই দিয়ে তৈরি অর্থহীন কনটেন্ট ছড়াবেন না। প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহারের মধ্যে পার্থক্য আছে।
এই পৃথিবীর প্রতিটি মেয়ে যে শিল্পে কাজ করুক না কেন, সে কারও না কারও কন্যা, নাতনি, বোন, বন্ধু বা সহকর্মী। আমরা এমন একটি শিল্প চাই, যেখানে কাজে আনন্দ থাকবে এবং নিরাপত্তার নিশ্চয়তা থাকবে। ব্যস্ততার কারণে অনলাইনের অনেক কিছু আমার নজরে আসেনি। তবে এ বিষয়ে আমাকে অবহিত করার জন্য শুভাকাক্সিক্ষদের ধন্যবাদ জানাই।’
তিনি আরও লিখেছেন, ‘সবসময় আমি বিষয়গুলো হালকাভাবে নিয়েছি এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত থেকেছি। তবে এগুলো খুবই অস্বস্তিকর। আমার সহকর্মীরাও একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তাই সবার পক্ষ থেকে আমি কথা বলছি। সৌজন্য বজায় রেখে, দর্শকদের ওপর আস্থা রেখে আমি আপনাদের অনুরোধ করছি, আমাদের পাশে থাকুন।
বিষয়টি এখন র্কর্তৃপক্ষ দেখবে।’ জানা গেছে, শ্রীলীলার সিনেমাটি মূলত একটি ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা। যেখানে মূল চরিত্রে আছেন অভয় ভার্মা। সিনেমাটিতে শুরুতে নায়িকা হিসেবে ছিলেন অনন্যা পান্ডে। তবে আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরুর সময়ে অনন্যার হাতে আরেকটি প্রজেক্টের কাজ থাকায় তিনি সরে যান সিনেমাটি থেকে।
সেই চরিত্রেই শ্রীলীলা চূড়ান্ত হয়েছেন। ইতিমধ্যে একটি টেস্ট ফটোশুটেও অংশ নিয়েছেন এই নায়িকা। জানা গেছে, শ্রীলীলা আরও একটি হিন্দি সিনেমাতে ইব্রাহিম আলী খানের বিপরীতে অভিনয় করছেন।
