বলিউডের ‘ব্যাচেলর’ তকমাটা আজও তার নামের সঙ্গে যুক্ত হয়ে আছে। তিন দশকের ক্যারিয়ারে তিনি কখনও ‘প্রেম’, কখনও ‘রাধে’, আবার কখনও ‘টাইগার’ হয়ে বক্স অফিস শাসন করেছেন। আজ ২৭ ডিসেম্বর ভাইজান সালমান খানের ৬০তম জন্মদিন। পর্দায় উন্মুক্ত পেশিবহুল শরীর দেখিয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা এই অভিনেতা আজ কেবল জনপ্রিয়তায় নয়, সম্পদের নিরিখেও আকাশচুম্বী উচ্চতায়।
বর্তমানে প্রায় ২৯০০ কোটি টাকার বিশাল সম্পত্তির মালিক তিনি। ষাট বছর বয়সে দাঁড়িয়ে সালমানের এই সাম্রাজ্যে কী কী রয়েছে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। সালমান খানের সম্পদের তালিকার শীর্ষে রয়েছে মুম্বাইয়ের বান্দ্রার বিখ্যাত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’। দীর্ঘ বছর ধরে এই বাড়িতেই পরিবারের সঙ্গে থাকছেন তিনি।
দোতলা এই ভবনের নিচতলায় সালমান এবং ওপরের তলায় তার বাবা-মা থাকেন। বর্তমানে এই বাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে নিরাপত্তার খাতিরে সালমানের এই বাসভবনে বসানো হয়েছে বিশেষ বুলেটপ্রুফ কাঁচ।
অর্পিতা ফার্মস ও অন্যান্য আবাসন মুম্বাইয়ের কোলাহল ছেড়ে নিরিবিলিতে সময় কাটাতে সালমান ছুটে যান পানভেলের খামারবাড়িতে। বোন অর্পিতার নামে যার নাম রেখেছেন ‘অর্পিতা ফার্মস’। ১৫০ একর জমির ওপর নির্মিত এই ফার্মহাউসে রয়েছে সুইমিং পুল, পশুখামার ও বিস্তীর্ণ চাষের জমি। অবসরে এখানে নিজেই কৃষিকাজ করেন ভাইজান। এই খামারবাড়ির মূল্য প্রায় ৮০ কোটি টাকা। এছাড়া কার্টার রোড, ওরলি এবং সুদূর দুবাইতেও রয়েছে তার বিলাসবহুল আবাসন।
