সংসদ সদস্যদের দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে ইউক্রেনের পার্লামেন্টে অভিযান চালিয়েছে দেশটির দুটি দুর্নীতি দমন সংস্থা। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানী কিয়েভে পার্লামেন্ট ভবনে অভিযান চালান কর্মকর্তারা। এ সময় নিরাপত্তা কর্মীর বাধার মুখে পড়েন বলেও জানিয়েছেন তারা।এএফপির প্রতিবেদন মতে, নতুন একটি দুর্নীতি তদন্তে কয়েকজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। বিষয়টি তদন্ত করার লক্ষ্যে শনিবার পার্লামেন্টে তল্লাশি অভিযান চালায় দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তা। তবে নিরাপত্তা কর্মীরা তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করেন।
ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (নাবু) এক বিবৃতিতে বলেছে, ‘গোপন অভিযান চালিয়ে নাবু ও স্পেশালাইজড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিস (সাপো) একটি সংগঠিত অপরাধী চক্রের সন্ধান পেয়েছে। এই চক্রে দেশটির বর্তমান সংসদের কয়েকজন সদস্যও রয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘ইউক্রেনের পার্লামেন্ট ভারখোভনা রাদার বিভিন্ন কমিটিতে তদন্ত কার্যক্রম পরিচালনার সময় রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কর্মীরা নাবু কর্মকর্তাদের বাধা দিয়েছেন।’
এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা।
