বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সহকারী কোচ মাহবুব আলী জাকিকে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের ফিল্ডিং ড্রিল করানোর সময় হার্ট অ্যাটাক করেন জাকি। পরে হাসপাতালে নেয়ার পথেই মারা যান এই কোচ।জাকির এমন বিদায়ে শোকস্তব্ধ পুরো ক্রিকেটাঙ্গন। বিসিবি এবং ক্রিকেটারদের মতো শোকে আচ্ছন্ন জাকির দল ঢাকা। তবে এই শোকের সময় জাকির পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে দলটি।
সদ্য প্রয়াত কোচ জাকির সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ তার মৃত্যু সংবাদ জানার পরপরই এমন ঘোষণা দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিফ ফাহাদ। শুধু এটাই নয়, ফ্র্যাঞ্চাইজির এক সূত্র জানিয়েছে, ঢাকার সঙ্গে যে চুক্তি হয়েছে জাকির, তার দ্বিগুন অর্থ পাবেন তিনি। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে আরও কী করা যায় সেটা নিয়েও ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে, জাকির মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার এবং বিসিবি এই কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মাঠেই জীবনের অধিকাংশ সময় কাটানো জাকিকে মাঠ থেকেই বিদায় দেয়ার ব্যবস্থা করেছে বিসিবি। তার মৃত্যুর পর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে নিয়ে আসা হয় সিলেট স্টেডিয়ামে। সেখানেই ঢাকা-রাজশাহীর ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।
