বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শীর্ষ ১০ ব্যান্ডের মৌলিক গান নিয়ে ‘ব্যান্ড উৎসব-২০২৫’ আয়োজন করা হয়েছে। তারুণ্যের বাংলাদেশের কথা মাথায় রেখে বিটিভি কর্তৃপক্ষের উদ্যোগে কিংবদন্তি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও ব্যান্ড সঙ্গীতের বরেণ্য সুরকার ফোয়াদ নাসের বাবুর রসায়ন আয়োজনকে দিয়েছে ভিন্নমাত্রা। এতে শীর্ষস্থানীয় ব্যান্ড দল সোলস, ফিডব্যাক, দলছুটসহ দশটি ব্যান্ডকে যুক্ত করা হয়েছে।গোলাম মোর্শেদের প্রযোজনা, আহমেদ তেপান্তরের গ্রন্থণা এবং শারমিন নিগারের শিল্প নির্দেশনায় বিটিভির নিজস্ব সেটে গানগুলোর চিত্রায়ন হয়েছে। ব্যান্ড উৎসব-২০২৫ দুই পর্বে পাঁচটি করে গান উপভোগ করতে পারবেন বিটিভির দর্শক-শ্রোতারা। প্রথম পর্ব প্রচারিত হবে ৩০ ডিসেম্বর রাত ১০টায় এদিন নির্ঝর, দলছুট, তরুণ, রেনেসাঁ, শিরোনামহীনের পারফর্ম দেখানো হবে।
দ্বিতীয় পর্ব ৩১ ডিসেম্বর রাত ১০টায় পার্থিব, পেন্টাগন, ফিডব্যাক, নোভা এবং সোলসের পারফর্ম করবে। সোলসের ভোকালিস্ট পার্থ বড়ুয়া বলেন, সত্যি বলতে যখন জানলাম বিটিভির উদ্যোগে জঙ্গী ভাইয়ের লেখা (শহীদ মাহমুদ) আর ফোয়াদ নাসের বাবু সুরে গাইতে হবে তখন আর না করার সাহস দেখাতে পারিনি। কারণ সোলসকে আজকের একটা জায়গায় দাঁড়ানোর ব্যাপারে বিটিভি অনেক বড় প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি বিটিভি তরুন দর্শক-শ্রোতাদের উপযোগী আরও এমন আয়োজন করবে।
