বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করিয়েও হারতে হয়েছে সিলেট টাইটান্সকে। নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচটায় অবশ্য জয় ছিনিয়ে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সিলেটের এই জয়ে অন্যতম কারিগর ছিলেন খালেদ আহমেদ। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন পারফরম্যান্সের কৃতিত্ব নিজের অধিনায়ককে দিয়েছেন খালেদ।তিনি বলেন, ‘প্রথম ম্যাচে এতটা (ভালো বোলিং) হয়নি। আজকে (দ্বিতীয় ম্যাচে) আত্মবিশ্বাসী ছিলাম, পাওয়ারপ্লেতে বল করলে যেন দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আমাকে অধিনায়ক আত্মবিশ্বাস দিয়েছে, আমি আমারটা দেওয়ার চেষ্টা করেছি।’
গতকালকের ম্যাচে নোয়াখালীকে মাত্র ১৪৩ রানে বেঁধে ফেলেছিল সিলেট। ব্যাটিং ডেপথ এবং মাঠের কন্ডিশন বিবেচনায় রান তাড়াটা সহজই হওয়ার কথা ছিল সিলেটের জন্য। তবে শেষদিকে এসে ভয়াবহ এক কোলাপ্স দেখা যায়। মেহেদী হাসান রানার হ্যাটট্রিকে সিলেটের হাত থেকে ম্যাচটা প্রায় ফসকেই যাচ্ছিল। রানার হ্যাটট্রিকে শেষ উইকেটটা ছিল খালেদের। ওই গুরুত্বপূর্ণ সময়ে কেন দায়িত্বশীল ব্যাটিং করলেন না, সেই প্রশ্নের উত্তরে খালেদ জানান, ছক্কা মেরে শেষ ওভারে ম্যাচটা সহজ করার চেষ্টা করেছিলেন তিনি। ‘শেষ দিকে ছিল খেলা। আমি ছয় মেরে দিলে তো খেলা শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি যেন ছয়টা হয়। হয়তো মিস টাইমিং হয়ে গেছে। টাইমিং হলে ছয়টা হয়ে যেত।’
অপরিসীম সমর্থনের জন্য সিলেটি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন খালেদ, ‘গতকাল (উদ্বোধনী দিন) হারার পর আমি বাইরে গিয়েছিলাম। সবাই আমার সঙ্গে কথা বলেছে, আফসোস করছিল, জিততে পারলে ভালো হতো। আমি বলে এসেছিলাম ইনশাআল্লাহ আজকে জিতব। আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করেছে। সিলেটে সবসময় দর্শক হয়। এরকম ভালো খেলা হলে দর্শক হয়। মাঠে দর্শক থাকলে খেলতেও ভালো লাগে তো আমি চেষ্টা করেছি।’
