ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল বিমানবন্দরে গ্রেফতার হওয়ার পর সম্ভাব্য কারাদণ্ডের মুখে পড়েছেন।গত গ্রীষ্মকালীন দলবদলে অন্যতম চমক ছিল অ্যান্ডি ক্যারলের ইংল্যান্ডে ফেরা। বিস্ময় জাগিয়ে ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের ক্লাব ডাগেনহ্যাম অ্যান্ড রেডব্রিজে যোগ দেন লিভারপুলের সাবেক এই তারকা। কাতারি বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম ক্লাবটিকে অধিগ্রহণ করলে তিনি খেলোয়াড়ের পাশাপাশি শেয়ারহোল্ডার হিসেবেও চুক্তিবদ্ধ হন।
আইনি কারণে ঘটনার বিস্তারিত প্রকাশ করা সম্ভব না হলেও, দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, নন-মোলেস্টেশন অর্ডার (অন্যকে হয়রানি না করার আদালতের নির্দেশ) ভঙ্গের অভিযোগে গত এপ্রিলে বিমানবন্দরে গ্রেফতার হওয়ার পর ক্যারল এখন কারাদণ্ডের আশঙ্কায় রয়েছেন। ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আদালতে হাজির হবেন, সেখানেই তার ভবিষ্যৎ সম্পর্কে আরও জানা যাবে।
এসেক্স পুলিশের এক মুখপাত্র দ্য সান'কে বলেন, 'নন-মোলেস্টেশন অর্ডার ভঙ্গের অভিযোগে একজনকে অভিযুক্ত করা হয়েছে। ইপিংয়ের বাসিন্দা ৩৬ বছর বয়সী অ্যান্ড্রু ক্যারলকে ২৭ এপ্রিল গ্রেফতার করা হয় এবং অভিযোগিত ঘটনাগুলো মার্চ মাসের একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। ৩০ ডিসেম্বর চেলমসফোর্ড ম্যাজিস্ট্রেটস কোর্টে তার হাজিরা দেয়ার কথা।'
