গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে একটি মৃত্যুর ঘটনা ঘটে। এরপর তদন্তের কারণে গ্রেফতার করা হয় তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে। সম্প্রতি এই ঘটনায় অভিনেতাসহ ২৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট গঠন করা হয়েছে।হায়দরাবাদের নামপল্লী আদালতের ৯ম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম)-এর কাছে এই নথি জমা দিয়েছে পুলিশ।
গত ৪ ডিসেম্বর হঠাৎ জানা যায়, প্রিমিয়ারে যোগ নিচ্ছেন সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। এ খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করলে থিয়েটারে ভক্তের সমাগম বাড়তে শুরু করে। যখন আল্লু অর্জুন থিয়েটারে উপস্থিত হন তখন দর্শকরা প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। জনতার উপচেপড়া ভিড়ে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়।
নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের উদাসীনতায় ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। এতে দর্শকের ভিড়ে পদদলিত হয়ে ৩৫ বছর বয়সী নারী রেবতী মারা যায়। শিশু শ্রীতেজও গুরুতর আহত হয়।
