অর্থাভাবে মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে পারছেন না—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন করুণ আবেদন দেখে মুহূর্তেই মন গলে যায় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও সংগীত পরিচালক জিভি প্রকাশ কুমারের। তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরে জানতে পারলেন, পুরো বিষয়টিই ছিল একটি সুপরিকল্পিত প্রতারণা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার)। সেখানে এক ব্যক্তি তার মৃত মায়ের ছবি পোস্ট করে সৎকার করার জন্য আর্থিক সহায়তা চান। পোস্টটি নজরে আসতেই জিভি প্রকাশ কুমার সে ব্যক্তিকে ২০ হাজার রুপি পাঠান।
টাকা পাঠানোর পর অভিনেতা তার বন্ধুদের বিষয়টি জানালে তারা তাকে সতর্ক করেছিলেন। অপরিচিত কাউকে এভাবে টাকা না দেওয়ার পরামর্শ দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
পরবর্তীতে নেটিজেনদের অনুসন্ধানে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ওই ব্যক্তির মা আসলে ২০২২ সালেই মারা গেছেন। সেই পুরোনো ছবি ব্যবহার করেই তিনি দীর্ঘদিন ধরে মানুষের আবেগকে পুঁজি করে টাকা হাতিয়ে নিচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।
অনেকে প্রকাশ কুমারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেও এখন পর্যন্ত তিনি পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ করেননি। বিষয়টি নিয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
