ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
রোববার বিকেলে (২৮ ডিসেম্বর) নীলফামারী প্রেসক্লাবের ফজলুর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
শুভেচ্ছা বিনিময়কালে প্রকৌশলী তুহিন বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সাংবাদিকরা আমাদের গুরুত্বপূর্ণ সহযাত্রী। নীলফামারীর সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করি। একই সঙ্গে ভুল-ত্রুটি ও অনিয়ম গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দলের কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সহযোগী শক্তি হিসেবে পাশে পেতে চান বলে মন্তব্য করেন তিনি। অপপ্রচার ও বিভ্রান্তি এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান বিএনপির এ নেতা।
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রেসক্লাবে পৌঁছালে ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে সিনিয়র সাংবাদিকরা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, প্রকৌশলী তুহিন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে সমর্থন দেওয়ায়, তিনি নীলফামারী-০২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন—এমন আলোচনা রয়েছে। ইতোমধ্যে ওই আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি
