পিরোজপুর সড়ক বিভাগের গড়িয়ারপাড়–বানারীপাড়া–শর্ষিনা–স্বরূপকাঠী–কাউখালী–নৈকাঠী পিরোজপুর মহাসড়কের কাউখালী উপজেলার আমরাজুড়ি ফেরিঘাটে হঠাৎ নদীভাঙনের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীভাঙনে আমরাজুড়ি প্রান্তে ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত শনিবার (২৭ ডিসেম্বর) রাতে আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় এ নদীভাঙনের ঘটনা ঘটে। সোমবার পর্যন্ত ওই রুটে ফেরি পারাপার বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।
ফেরি চলাচল বন্ধ থাকায় বরিশাল, ঝালকাঠী, বাগেরহাট, স্বরূপকাঠী ও পিরোজপুরসহ এই মহাসড়ক ব্যবহারকারী সব ধরনের যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও ভোগান্তি তৈরি হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিঘাটের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমরাজুড়ি ফেরিঘাটের স্বরূপকাঠী প্রান্তে আকস্মিক নদীভাঙনের কারণে ফেরিঘাটের এপ্রোচ সড়কের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য ২৮ ডিসেম্বর সকাল থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত আমরাজুড়ি ফেরিঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রী ও যানবাহন চালকদের অনুরোধ জানিয়েছে।
