টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি এক মাসের কিছু বেশি সময়। নিজেদের সেরা অস্ত্রকে এ সময় কেই–বা ঝুঁকিতে ফেলতে চায়। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেয়ার কথা ভাবছে ভারত। এই সিরিজে বিশ্রাম পেতে পারেন হার্দিক পান্ডিয়াও। তবে, ওয়ানডে সিরিজে না থাকলেও পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে তারা দুজনই ফিরবেন বলে আশা করা হচ্ছে।আগামী ১১ জানুয়ারি বরোদায় অনুষ্ঠিত হবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি। এরপর ১৪ জানুয়ারি রাজকোট এবং ১৮ জানুয়ারি ইন্দোরের মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ওয়ানডে। এরপর ২১ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নাগপুরে প্রথম ম্যাচটির পর রায়পুর (২৩ জানুয়ারি), গুয়াহাটি (২৫ জানুয়ারি), বিশাখাপত্তনম (২৮ জানুয়ারি) ও তিরুঅনন্তপুরমে (৩১ জানুয়ারি) বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ টি–টোয়েন্টি ম্যাচগুলোর জন্য বুমরাহ-পান্ডিয়াকে সতেজ রাখতে ওয়ানডে দলে তাদের বিবেচনা করা হচ্ছে না। আগামী ৪–৫ জানুয়ারির মধ্যে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হতে পারে।
জানা গেছে, ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারকে ওয়ানডে থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। কেবল সাদা বলের ক্রিকেট খেলা পান্ডিয়া ফিটনেস সমস্যার কারণে মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আর কোনো ওয়ানডে খেলেননি। অন্যদিকে দলের জন্য অত্যন্ত মূল্যবান হওয়ায় বুমরাহর ওয়ার্কলোড সতর্কভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে; তিনি ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকে আর কোনো ওয়ানডে খেলেননি।
