বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান। ঢাকায় চীনা দূতাবাস এসব তথ্য জানিয়েছে।
শোকবার্তায় লি কিয়াং বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের একজন পুরোনো বন্ধু। তিনি প্রধানমন্ত্রী থাকার সময় চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রেখেছে।চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে চীনের প্রধানমন্ত্রী বলেন, এ সম্পর্ক জোরদারে তার ভূমিকা চীনা পক্ষ যথাযথ মূল্যায়ন করে।
শোকবার্তায় আরও বলা হয়, চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে প্রস্তুত রয়েছে চীন। যাতে উভয় দেশের জনগণ আরও বেশি উপকৃত হয়।
