মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ভাঙাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙাব্রিজ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মাদারীপুর সদর হাসপাতাল ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মামুন রশিদ জানান, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা লাইন পরিবহনের একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লাগে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
