বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমবেদনা জানাতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান ডা. শফিকুর রহমান।
এসময় তারেক রহমানের সঙ্গে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
পরে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন।
তিনি আরও বলেন, যারা ক্ষমতায় ছিলেন তারা বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে। বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে বারবার আবেন করা হয়েছিল, যতক্ষণে চিকিৎসায় গেছেন ততদিনে তার অনেক ক্ষতি হয়ে গেছে।
খালেদা জিয়া ইতিহাসের বিরল সম্মান নিয়ে চলে গেছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই সম্মান তার পাওনা ছিল। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি আমরাও এমন সম্মান পেতে পারি।
অতীতে আমরা একসাথে কাজ করেছি ভবিষ্যতেও করতে পারি।একসাথে আগামী পাঁচ বছরের জন্য জাতির জন্য ভালো কিছু করতে পারি কিনা সেটাও আমরা আলোচনা করেছি, যোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের পরে শপথ গ্রহণের আগে আমরা আবার একসাথে বসবো। নির্বাচন নির্বিঘ্ন হোক এটা আমরা কামনা করি। আগামী নির্বাচন ও গণভোট হবে, ১২ তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন ও সুন্দর হোক এটা আমাদের প্রত্যাশা।
